ইসলাম টাইমস ডেস্ক : রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১১০ জন সদস্য শনিবার মালির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত শেষে রওনা করেছে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. মামুনুর রশীদ, এএফডব্লিউসি, পিএসসি।
এতে বলা হয়, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত করা হয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।
এর আগে গত ২৪ ডিসেম্বর বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মালিগামী বিমানবাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন।
















