সংসদ নির্বাচন : সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি ভারতের

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসামের সব সীমান্ত ও স্থলবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

আগামী রোববার ও সোমবার দু’দেশের স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যও বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সব জলসীমান্ত কড়া নজরদারির আওতায় এনেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডকে সতর্ক করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক নদীপথে চলছে বিশেষ নজরদারি।

এছাড়াও ত্রিপুরার আখাউরা, মেঘালয়ের ডাউকি, আসামের করিমগঞ্জ, পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ির ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের হিলি, উত্তর ২৪ পরগণার বনগাঁ ও ঘোজাডাঙা সীমান্তে বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ জারি করা হয়েছে।

বাংলাদেশে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন, নদীয়া জেলার গেদে, মালদহের হব্বিবপুরে বিএসএফের টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন চলাকালীন বাংলাদেশে সহিংস কর্মকাণ্ড ঘটানোর পর যেন কেউ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে দেশটির সরকার।

বিএসএফ বলছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়েছে। বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্ত অঞ্চল দিয়ে চলাচলকারী মানুষ ও গাড়িতে তল্লাশি চালানোরও নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদবিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র করছে : এইচ টি ইমাম
পরবর্তি সংবাদদেশে যমুনা টিভি প্রচার করছেন না ক্যাবল অপারেটররা