ইসলাম টাইমস ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে। আশা করছি এর মাধ্যমে দেশবাসী একটি ভালো ফল পাবে।
এ সময় তিনি দেশের কোথাও বিরোধী দলের এজেন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে বলে জানেন না দাবি করেন।
রোববার (৩০ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে কোনো দলের এজেন্টদের বের করে দেওয়া ঠিক না। আমি জানি না কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত।
এই কেন্দ্রের পরিবেশ খুব ভালো জানিয়ে বি চৌধুরী বলেন, আমি এখন মুন্সীগঞ্জ যাচ্ছি। যাওয়ার সময় হয়তো বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে পারবো।
















