ইসলাম টাইমস ডেস্ক : মিসরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণের পর নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশেটির পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৪০ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সকাল থেকে উত্তর সিনাইয়ে অভিযান শুরু করা হয়। গিজা অঞ্চলে ৩০ জন সন্দেহভাজনকে এবং আল আরিশ অঞ্চলে আরো ১০ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
মিসরীয় কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসীরা বিভিন্ন পর্যটন স্পট, গির্জা ও সামরিক কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলো। অভিযানের মাধ্যমে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
শুক্রবার মিশরে গিজা পিরামিডের কাছে একটি পর্যটন বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়। গুরুতর আহত হয় আরো ১১ জন। সেই হামলার জের ধরেই শুরু হয় এই নিরাপত্তা অভিযান।
২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে দেশটিতে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে।
সূত্র : বিবিসি
















