নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচী দেবে বিরোধী রাজনৈতিক দলগুলো

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি দেবে। এ ব্যাপারে ইতিমধ্যে দলগুলো প্রাথমিক আলোচনাও শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট জালিয়াতির অভিযোগ এনে তারা নির্বাচন বাতিলের দাবি জানায়।

রবিবার নির্বাচনপরবর্তী প্রতিক্রিয়ায় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘একটি নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। এবং সেটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। সবখানে জালিয়াতির মাধ্যমে ভোট হয়েছে। আন্দোলনের অংশ হিসেবেই ঐক্যফ্রন্ট নির্বাচনে যোগ দিয়েছিল এবং এই আন্দোলনও চলবে।’

বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। আগামীকাল সোমবার দলীয়ভাবে এবং মঙ্গলবার জোটের বৈঠকে আলোচনা করে নতুন কর্মপন্থা নির্ধারণ করা হবে। এই নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের দাবিতেই কর্মসূচি আসবে।’

তিনি আরো বলেন, ‘মানুষের নির্বাচন করার অধিকার রয়েছে।কিন্তু তাদের এ অধিকার হরণ করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দায়ভার ইসিকেই নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে আমরা জনগণকে নির্বাচনের দাবিতে আন্দোলনের আহ্বান জানাবো।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘যে নির্বাচন হয়েছে এটাকে নির্বাচন বলে না। অভিযোগ কাকে জানাবো, সবাই তো দলীয়, একজোট। এখন প্রতিবাদ করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। কর্মসূচি থাকবে। দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সব নির্ধারণ করা হবে।’

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘কাল-পরশুর মধ্যে পরিষ্কার হয়ে যাবে, আমাদের নতুন কর্মকৌশল কী হবে।’

পূর্ববর্তি সংবাদনৌকার নিরঙ্কুশ বিজয়
পরবর্তি সংবাদতবে কি শেষমেশ আসাদেরই জয় হল?