ইসলাম টাইমস ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচনী সহিংসতায় আহত নৌকা প্রতীকের কর্মী ইসমাইল হোসেন (৫০) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত ইসমাইল হোসেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের কাজিহাটা এলাকার আজাহার আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া ইউনিয়ন কামারুজ্জামান স্মৃতিসংঘের সভাপতি ছিলেন তিনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন চলাকালে রোববার দুপুর ১২টার দিকে দেওপাড়া ইউনিয়নের পালপুরে দু’পক্ষের সংঘাতে মারাত্মকভাবে আহত হন ইসমাইল। মুমূর্ষু অবস্থায় তখনই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। এরপর থেকেই হাসপাতালের নীবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।
















