ইসলাম টাইমস ডেস্ক : বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ক্ষুধার্ত লোকজনের মাঝে খাবার বিতরণ করতে বিদ্রোহীরা বাধা দিচ্ছে। তারা ক্ষুধার্তের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে।
তিনি বলেন, ‘তারা এমন একটা সময় এই কাজ করছে, যখন খাবার না পেয়ে শিশুরা মারা যাচ্ছে। তাদের এহেন জঘন্য কাজ অবশ্যই বন্ধ করা উচিত।’
ডব্লিউএফপির এক জরিপ বলছে, ইয়েমেনের রাজধানী সানারা লোকজন রেশন পায়নি অথচ রেশন তাদের পাওনা ছিল। তাদের জন্যে রেশন পাঠানো হয়েছিল।
সংস্থাটির ভাষ্য, সংশ্লিষ্ট বণ্টন এলাকা থেকে বিদ্রোহীরা অবৈধভাবে খাদ্য সরিয়ে নিচ্ছে। রেশন সরিয়ে নিয়ে তারা তা খোলা বাজারে বিক্রি করেছে। আবার এমন লোকদের সেই রেশন দেওয়া হয়েছে, যাদের এ রেশন দরকার নেই।
জাতিসংঘ বলছে, প্রায় দুই কোটি ইয়েমেনি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের মধ্যে প্রায় এক কোটি লোক জানে না যে, তারা পরের বেলায় কী খাবে।
ইয়েমেনে বেশ কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করলে দেশটিতে যুদ্ধ মারাত্মক আকার ধারণ করে।
জাতিসংঘের তথ্যমতে, ইয়েমেনে যুদ্ধে প্রায় ৭ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১১ হাজার লোক।
সূত্র: বিবিসি
















