ইসলাম টাইমস ডেস্ক : সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে মাওলানা ফজলুর রহমান জুয়েল (৪৫) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের জহিদ মিয়ার ছেলে এবং সিলেট উপশহর দারুল আজহার মডেল মাদরাসার শিক্ষক।
সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালকসহ আরো পাঁচ যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে দ্রুতগামী সুনামগঞ্জমুখী বিরতিহীন যাত্রীবাহী বাস সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথের লামাকাজী মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত মাওলানা ফজলুর রহমান জুয়েলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত মাওলানা ফজলুর রহমান জুয়েল দীর্ঘদিন ধরে সিলেট উপশহর দারুল আজহার মডেল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি গত শনিবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ভোট দিয়ে কর্মস্থলে ফেরার পথে ঘাতক বাসের চাপায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গেইটলক বিরতিহীন যাত্রীবাহী বাস (সিলেট জ ১১ ০৭২১) ও নম্বরবিহীন অটোরিকশাটি নিজেদের হেফাজতে নেয়।
















