ইসলাম টাইমস ডেস্ক : সেশন ফি পরিশোধ না করায় বগুড়া সদরের সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ হয়নি। নতুন বই না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা মর্মাহত হন এবং এক পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলও করেন। কিন্তু তারপরও কর্তৃপক্ষ বই বিতরণ না করার সিদ্ধান্তে অনড় থাকলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বগুড়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী রয়েছে। নিয়ম অনুযায়ী এদের মধ্যে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ৫০০ শিক্ষার্থীকে বছরের প্রথম দিন নতুন বই বিতরণের কথা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় বইও সরবরাহ করা হয়েছে।
নতুন বই পাওয়ার জন্য সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে সমবেত হতে শুরু করে। কিন্তু বিদ্যালয়ের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়, সেশন ফি পরিশোধ ছাড়া কাউকে নতুন বই দেওয়া হবে না।
মাইকে বার বার এ ঘোষণা দেওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। তারা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক হাফিজার রহমানের সঙ্গে দেখা করে সরকারের ঘোষণা অনুযায়ী নতুন বই দাবি করে। কিন্তু প্রধান শিক্ষক তাতে রাজি না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
খবর পেয়ে তাদের অভিভাবকরাও বিদ্যালয়ে হাজির হতে শুরু করে। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বই বিতরণ না করায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে কর্তৃপক্ষ এক পর্যায়ে সহযোগিতার জন্য বগুড়া সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
















