ইসলাম টাইমস ডেস্ক : তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি মাওলানা তারিক জামিল এখন ভালো আছেন। আজ মাওলানা তারিক জামিলের অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানিয়ে একটি পোস্ট দেয়া হয়। যাতে বলা হয়, ‘চিকিৎসকদের পরিচর্যায় আলহামদুলিল্লাহ মাওলানা তারিক জামিল শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ আছেন। সুতরাং তার ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না।’
পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, মাওলানা তারিক জামিলের হার্টে সফল এনজিওপ্লাস্টির পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
মাওলানা তারিক জামিল তার ছোট ভাই ড. তাহির কামালের চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, রক্ত জমাট বাঁধায় তার হার্টের একটি শিরা ব্লক হয়ে যায়। এনজিওপ্লাস্টির করার পর ব্লক দূর হয়েছে এবং তার হার্টের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়েছে।
মাওলানা তারিক জামিলের ছেলে মাওলানা ইউসুফ জামিল বলেন, এনজিওপ্লাস্টি করার পর তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। তবে ডাক্তার তাকে ২৪ ঘণ্টা হাসপাতালে অবস্থানের পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মাওলানা তারিক জামিল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে লাহোরের জোহর টাউনের একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মাওলানা তারিক জামিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চান্নু জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রথমে লাহোর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেন। পরবর্তীতে দ্বীনি সংশ্রবে এসে নতুনভাবে দ্বীনি শিক্ষা লাভ করেন। তিনি জামিয়া আরাবিয়া রায়ওয়ান্ডে দ্বীনি শিক্ষা অর্জন করেন এবং নিজের জীবনকে দাওয়াত-তাবলিগের জন্য উৎসর্গ করেন।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও মাওলানা তারিক জামিলের অফিসিয়াল ফেসবুক পেইজ
















