ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সব দলের অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও ভোটে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তার স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচনে সব দলের অংশগ্রহণকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে বিবৃতিতে নির্বাচনের আগে হয়রানি, ভীতি প্রদর্শন, সহিংসতার অভিযোগ ওঠার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এবং নির্বাচনের দিন অনিয়মের কারণে অনেকে ভোট দিতে পারেনি বলে অভিযোগের খবরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তারা বলছে, এর মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচনের পর এখন সহিংসতা এড়ানোর পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়, “নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে, যেন তারা সব পক্ষকে নিয়ে গঠনমূলকভাবে অনিয়মের অভিযোগগুলো নিয়ে কাজ করে।”
ব্রাসেলস থেকে ইইউর বিবৃতিতে বলা হয়, ভোটারদের উপস্থিতি এবং বিরোধীদের অংশগ্রহণ বাংলাদেশে গণতন্ত্রের প্রতি জনগণের স্পৃহার প্রতিফলন ঘটেছে। কিন্তু তাতে ছায়া ফেলেছে ভোটের দিনের সহিংসতা এবং এই প্রক্রিয়ায় সবার সমান সুযোগ নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধাও বিদ্যমান ছিল।
ইইউ বলেছে, এখন ভোট পরিচালনাকারী কর্তৃপক্ষের উচিৎ, যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, ‘পূর্ণ স্বচ্ছতার’ সঙ্গে তা পরীক্ষা করে দেখা।
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনে সব দলের অংশগ্রহণে সন্তোষ জানিয়ে বলেছেন, অনিয়মের বিশ্বাসযোগ্য কিছু অভিযোগ তার গোচরে এসেছে। এর মধ্যে রয়েছে বিরোধী জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার, তাদের প্রচারে বাধা, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি।
নির্বাচন নিয়ে যত অভিযোগ এসেছে, তার সবগুলোর পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চেয়েছেন তিনি।
মার্ক ফিল্ড বলেন, “এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিৎ, দেশের জনগণের স্বার্থে একসঙ্গে বসে নিজেদের বিরোধগুলো মিটিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ বের করা।”
নির্বাচনের দিন সহিংসতায় অনেকের প্রাণহানিতে উদ্বেগও জানিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্র সব পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ রেখেছে।
এই নির্বাচনে তিনশটির মধ্যে মাত্র ৭টি আসন পাওয়া বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তুলেছে, তবে তা প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নিজেদের কারণেই ভরাডুবি হয়েছে বিএনপি ও তাদের মিত্রদের।
















