ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে তিনদিন আগে। কিন্তু এখনও রশিতে ঝুলছে প্রার্থীদের টানানো সব পোস্টার ও ব্যানার। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য।
নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেই তার টানানো পোস্টার ও ব্যানারগুলো অপসারণের ব্যবস্থা করার কথা। কিন্তু শহরের সৌন্দর্য রক্ষার্থে কার্যত সে কাজটি প্রতিবারই করতে হয় পৌরসভা কর্তৃপক্ষকে।
বুধবার সকালবেলা ঢাকা শহরের স্টাফকোয়াটার ডেমরা রামপুরা বাড্ডা কুড়িল এলাকার বিভিন্ন রাস্তায় দেখা গেছে, রশিতে ঝুলছে বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার পোস্টার ও ব্যানার।
শহরের বিভিন্ন মহল্লার অলি-গলিতেই পোস্টার-ব্যানারের সংখ্যা সবচেয়ে বেশি। প্রার্থীর ব্যক্তি উদ্যোগের পাশাপাশি তাদের কর্মী-সমর্থকরাও নিজ উদ্যোগে পোস্টার-ব্যানার টানিয়েছেন। কিন্তু নির্বাচন শেষ হলেও সেগুলো অপসারণের জন্য প্রার্থী অথবা তার কর্মী-সমর্থকরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। জেলা সদরের বাইরে জেলার অন্যান্য আসন সংশ্লিষ্ট এলাকাগুলোতেও একই চিত্র বলে জানা গেছে। সেখানেও ঝুলছে নির্বাচনী পোস্টার-ব্যানার। এর ফলে নষ্ট হচ্ছে সংশ্লিষ্ট এলাকার সৌন্দর্য। তাই এসব পোস্টার-ব্যানার অপসারণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে গতকাল বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন।
















