ইসলাম টাইমস ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির পথে বিকল্পধারা শেখ হাসিনার পাশে থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে তার বারিধারার বাসভবনে বিকল্পধারার বিশেষ যৌথসভায় এ অভিনন্দন জানান।
তিনি বলেন, বিকল্পধারা বাংলাদেশ আশা করে, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়করধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে বিকল্পধারা বাংলাদেশ সব সময় শেখ হাসিনার পাশে থাকবে।
আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান বি চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী, সমশের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, আবদুর রউফ মান্নান, মুহম্মদ ইউসুফ, ও আনোয়ারা বেগম, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, মুনিরুল ইসলাম, ওবায়েদুর রহমান মৃধা, শ্রিপা রহিম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টু, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
















