ইসলাম টাইমস ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মির হামলায় ৭ মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। শুক্রবার পুলিশের চারটি চেক পোস্টে এ হামলা হয়।
আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেছেন, তাদের সদস্যরা চারটি পুলিশ পোস্টে আক্রমণ করেছে এবং পরে সাত ‘শত্রুর’ মরদেহ উদ্ধার করেছে।
মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্যকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা তাদের ক্ষতি করব না।
আরাকান আর্মির মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সদস্যদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন টুন বলেছেন, নিরাপত্তাবাহিনী শুক্রবারের হামলার জবাব দেবে। সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের অভিযান রাখাইন অঞ্চলে অব্যাহত রাখবে।
সূত্র: এসবিএস
















