মোদিকে ট্রাম্পের বিদ্রুপ

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইব্রেরি নির্মাণ নিয়ে বিদ্রুপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভারতের তৈরি লাইব্রেরিগুলো কোনও কাজে লাগছে না। এগুলো অযথা পড়ে আছে।

বুধবার (২ জানুয়ারি) ওয়াশিংটনে প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে এ মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে ভারত একটি লাইব্রেরি তৈরি করেছে। তবে সেটি মনে হয় না কোনও কাজে লাগছে। জানি না কে ওই লাইব্রেরি ব্যবহার করছে। আমাকেও বহুবার ওই দেশটিতে লাইব্রেরি তৈরির জন্য অনুরোধ করেছেন মোদি। জানি না কী কারণে। উনি কি চাইছিলেন লাইব্রেরি তৈরির জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাবো?’

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার দিকে মনোযোগী ছিল ভারত। ওবামা ও মোদির আমলে সে সম্পর্ক আরও দৃঢ় হয়। ট্রাম্পও ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে আসছিলেন। এবার সেই ‘বন্ধু’কেই হঠাৎ খোঁচা দিয়ে বসলেন ট্রাম্প।

পূর্ববর্তি সংবাদভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলা, আধা মিনিটেই শুনানি শেষ!
পরবর্তি সংবাদ১৯ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের মহাসমাবেশ