ইসলাম টাইমস ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘নির্বাচন পরিচালনায় বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় তারা নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।’
শুক্রবার (৪জানুয়ারী) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বিএনপি পুনর্নির্বাচনের দাবি তুলে নতুন ষড়যন্ত্রের বীজ বপনের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন।
বাসস সূত্রে জানা যায়, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী।
সভায় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করেছিল বিএনপি। নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নির্বাচন সংক্রান্ত মনগড়া অভিযোগের ফিরিস্তি দিচ্ছে।
















