মন্দিরে ঋতুমতী নারীর প্রবেশ নিয়ে উত্তাল কেরালা

ইসলাম টাইমস ডেস্ক : শবরীমালা মন্দিরে নারীর প্রবেশ নিয়ে সহিংস বিক্ষোভে ভারতের দক্ষিণাঞ্চলের প্রদেশ কেরালা কার্যত অচল হয়ে পড়েছে। বুধবারের সহিংসতায় সেখানে একজন নিহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, ভেঙে পড়েছে গণপরিবহন ব্যবস্থা।

এ পর্যন্ত পুলিশ ১৩৬৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। মোট মামলা হয়েছে ৮০১টি।

কেরালার সুপরিচিত মন্দির শবরীমালায় প্রাপ্তবয়স্ক নারীদের প্রবেশ ঐতিহাসিকভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করে মন্দিরটিতে প্রাপ্তবয়স্ক নারীদের উপাসনা বাধাহীন করে। তখন থেকেই রাজ্যটিতে ডানপন্থী উগ্র হিন্দুদের বিক্ষোভ দানা বাঁধতে থাকে।

সর্বোচ্চ আদালতের রুল জারির পর থেকে নারীরা মন্দিরটিতে প্রবেশ করতে চাইলেও বিক্ষোভের মুখে তাদের সরে আসতে হয়েছে এতদিন। তবে গত বুধবার বিন্দু আম্মিনি (৪০) ও কনক দুর্গা (৩৯) নামের দুই নারী প্রথমবারের মতো মন্দিরটিতে প্রবেশ করেন। এ ঘটনায় রাজ্যটির কট্টর ডানপন্থি হিন্দু ধর্মীয় সংগঠনগুলো বিক্ষোভে ফেটে পড়ে এবং রাজ্য অচল করে দেয়।

এরপর বৃহস্পতিবার রাতে সেই শবরীমালা মন্দিরে ঢুকেন আরেক ঋতুমতী নারী। শশীকলা নামের শ্রীলঙ্কার সেই নারীর বয়স ৪৬ বছর। সেখানকার স্থানীয় পুলিশ বলছে, শশীকলাকে কোনো বাধা দেওয়া হয়নি এবং তিনি প্রার্থনা করতে পেরেছেন। তবে শশীকলা বলছেন, পুলিশ তাঁকে বাধা দিয়েছেন এবং তিনি ঢুকেছেন মন্দিরের নিয়ম মেনেই। শ্রীলঙ্কার এই নাগরিকের দাবি, তিনি ঋতুমতী নন এবং এটি নিশ্চিত করতে তাঁর কাছে চিকিৎসকদের সনদপত্রও ছিল।

১৯৯১ সালে দেওয়া কেরালা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১০ থেকে ৫০ বছরের ঋতুমতী নারী ওই মন্দিরে প্রবেশ করতে পারেন না। সন্দেহজনক নারীদের মন্দির কর্তৃপক্ষের কাছে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হয়। এই প্রথার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়।

গত সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ আদালত তার রায়ে সেই বৈষম্য দূর করেন। সেই থেকে একাধিকবার মন্দির দর্শনে গেলেও কোনো ঋতুমতী নারী সফল হননি। গত বুধবার ভোরে প্রথমবারের মতো দুই নারী সেই প্রথা ভাঙেন।

হিন্দুধর্মে প্রাপ্তবয়ষ্ক নারীদেরকে ধর্মীয় উপাসনাকাজে অংশ নেয়ার ক্ষেত্রে অপবিত্র বলে বিবেচনা করা হয়। তবে বর্তমানে ঋতুর সময় ছাড়া নারীরা অধিকাংশ মন্দিরেই প্রবেশ করতে পারেন। শবরীমালা মন্দিরকে ঘিরে প্রচলিত কাহিনী থেকে জানা যায়, স্বামী আয়াপ্পা একজন চিরকুমার ছিলেন। তাই তার মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ।

পূর্ববর্তি সংবাদবাড্ডায় বাঁশের দোকানে আগুন
পরবর্তি সংবাদঋতুমতী নারীর প্রতি হিন্দুধর্মের এই রক্তচক্ষু হাস্যকর