ইসলাম টাইমস ডেস্ক : সুদানের চলমান রাজনৈতিক অস্থিরতার পেছনে ইসরাইলের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বাশির। তিনি বলেছেন, আমাকে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইলে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করুন।
গতকাল রাজধানী খার্তুমে ধর্মীয় নেতাদের এক বৈঠকে তিনি এ তথ্য জানান। তবে তাকে কে এই হুমকি দিয়েছেন তা তিনি স্পষ্ট করেননি।
‘শান্তি ও স্থিতিশীলতা আল্লাহর হাতে’ উত্তর দেন সুদানের প্রেসিডেন্ট।
চলতি বছরের শুরুতে সুদানি সরকার আটার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করলে রুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দামবৃদ্ধি পায়। এতে দেশে বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।
২০১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সুদান ও ইসরাইলের একটি গোপন কূটনৈতিক বৈঠকের সংবাদ প্রকাশ পায়। বৈঠকের লক্ষ্য ছিলো উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাব্য দিকগুলো যাচাই করে দেখা।
ইসরাইলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সুদানকে প্রস্তাব দিয়েছে যে, সম্পর্ক উন্নয়ন করলে ইসরাইল সুদানের ওষুদ, কৃষি ও আর্থিকখাতে বিনিয়োগ করবে। ইসরাইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খার্তুম সফরের প্রস্তাবও দেওয়া হয়।
সুদানের শাসক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির সিনিয়র নেতা আবদুল সাকি আব্বাস তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহুর সুদান সফর অসম্ভব। তার রাষ্ট্রীয় সফর করার মতো কোনো চুক্তি দুই দেশের মধ্যে নেই।’
সূত্র : মিডলইস্ট মনিটর
















