ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ময়মনসিংহের তৃতীয় জানাযা শেষে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে।
আজ বিকালে আসরের নামাজের পর তাকে দাফন করা হবে।
এর আগে রোববার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন।
শোলাকিয়ায় জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহে নেওয়া হয়েছে। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে তৃতীয় জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা হবে।
কিশোরগঞ্জে নেওয়ার আগে রোববার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ আশরাফের মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ২১, বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হয়। বেইলী রোডের বাসভবনে থেকে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। রাতে এই হাসপাতালের হিমঘরেই রাখা হয় তার মরদেহ।
















