মেঘনায় যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ : নিহত ১, আহত ৫

ইসলাম টাইমস ডেস্ক : গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

নিহত ব্যক্তির নাম সাকিব পালোয়ান (২০)। সাকিবের স্বজনরা গণমাধ্যমকে জানান, গতকাল রাত নয়টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জসংলগ্ন মেঘনা নদী অতিক্রমের সময় ডুবোচরের কারণে সেখানে নোঙর করে।

দিবাগত রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৬ নামে অপর একটি লঞ্চ একই এলাকা দিয়ে অতিক্রম করছিল। এ সময় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয় সুন্দরবন-৬। এতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে থাকা সাকিবসহ বেশ কয়েকজন আহত হন।

বরিশাল সদর নৌ-থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবির গণমাধ্যমকে বলেন, সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সাকিব পালোয়ান ও নূর মোহাম্মদকে বরিশালগামী অ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেওয়া হয়। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি বরিশাল পৌঁছায়। আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর রাতেই সুন্দরবন-৬ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ দুটি ঢাকার উদ্দেশে রওনা দেয় বলে জানা যায়।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে পাগলা কুকুরের উপদ্রব : আহত ২৭
পরবর্তি সংবাদসাবেক মন্ত্রী নাজমুল হুদা কারাগারে