ফুয়াদ মাকসুদ ।।
প্রতিবারের মতো এ বছরও আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুরের উজানি মাদরাসার বার্ষিক মাহফিল। স্থানীয়ভাবে যা উজানি মাহফিল নামে প্রসিদ্ধ ৷
মাহফিলটি উজানি মাদরাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম বুযুর্গ হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম রহ.-এর সময় থেকে শুরু হয়েছে। হযরত ক্বারী ইব্রাহীম রহ. আরব থেকে ইলমুল ক্বিরাত শিক্ষাগ্রহণ শেষে মক্কার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া সওলতিয়ায় শিক্ষকতার পর বাংলাদেশে ফিরে এসে নিজ এলাকায় পাঠদান শুরু করেন। এরই মাঝে তিনি দারুল উলুম দেওবন্দের অন্যতম আকাবির বুযুর্গ ফকিহুন নফস হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহ. থেকে খেলাফত লাভ করেন।
এরপর দেশে ফিরে তিনি নোয়াখালী থেকে চাঁদপুর জেলার কচুয়ার উজানিতে হিজরত করেন। সেখানে ১৯০১ সালে কোরআনে সহি তেলাওয়াত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটি মাদরসাা প্রতিষ্ঠা করেন- উজানী মাদরাসা। তখন থেকেই প্রতিবছর উজানি মাদরাসায় মাহফিল হয়ে আসছে।
উজানির ঐতিহ্যবাহী মাহফিলকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন ছাড়াও মাহফিলে আগত মেহমানদের আপ্যায়নের প্রস্তুতি গ্রহণ করে এলাকার লোকজন। মাহফিলের সময় আগত মুসল্লিদেরকে ভাগ করে করে নিয়ে যায় নিজ নিজ বাড়িতে। নিকট আত্মীয়ের মতো আন্তরিকভাবে তাদের মেহমানদারি করে।
প্রতিবছর মাহফিলটি বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে। দীনি আলোচনায় সজীব হয়ে ওঠে হাজার মানুষের হৃদয়-আত্মা।
















