ইসলাম টাইমস ডেস্ক : নব নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী- প্রত্যেকের জন্যে নতুন একান্ত সচিব (পিএস) নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পুরোনো মন্ত্রিসভার যেসব মন্ত্রী–প্রতিমন্ত্রী বর্তমানের মন্ত্রিসভায় রয়েছেন, তাঁদের জন্যও নতুন একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা যত দিন ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন এসব সচিবেরা দায়িত্বে থাকবেন।
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ জনের নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেওয়া হয়। পরদিন সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় ৩১ জন নতুন, যাদের মধ্যে ২৭ জন জীবনে প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। গতকাল মঙ্গলবার থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।
৪৭ জনের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন।
















