ইসলাম টাইমস ডেস্ক : মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র ‘আরাকান আর্মি’ ও ‘আরসা’ নিয়ে বাংলাদেশকে জড়িয়ে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা মিথ্যা ও মনগড়া আখ্যায়িত করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সমস্যার জন্যই মিয়ানমারের বর্তমান অস্থিরতা বিরাজমান। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশের ওপর না চাপালেই বাংলাদেশ খুশি থাকবে। এছাড়াও বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের মন্ত্রীর দেওয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
গতকাল মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারকে এ প্রতিবাদপত্র পাঠানো হয়। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমারের প্রেসিডেন্ট অফিসের মুখপাত্রের বরাতে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে বাংলাদেশ সরকার জানতে পেরেছে, বাংলাদেশে মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী ‘আরসা’র দু’টি ঘাঁটি ও ‘আরাকান আর্মি’র তিনটি ঘাঁটি রয়েছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। দেশটির এমন মন্তব্যে বাংলাদেশ আহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোসহ এমন মিথ্যাচারের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ।
মিয়ানমার সরকারকে দেওয়া প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশে ‘আরাকান আর্মি’ কিংবা ‘আরসা’র কোনো ঘাঁটি নেই। মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র ‘আরাকান আর্মি’ ও ‘আরসা’ নিয়ে বাংলাদেশকে জড়িয়ে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, তা মিথ্যা ও মনগড়া।
















