পাবনায় আসর ভেঙ্গে দেওয়ায় জুয়াড়িরা ক্ষিপ্ত, আতঙ্কিত অভিভাবকরা

ইসলাম টাইমস ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় জুয়ার আসর ভেঙে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা গ্রাম্য প্রধানদেরকে ভয়ভীতি দেখানোসহ নানাভাবে হুমকি দিচ্ছে। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া, টলটলিয়াপাড়া ও পাথরঘাটা গ্রামে জুয়ার আসর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এদিকে জুয়াড়ি চক্রের সদস্যদের হুমকির কারণে ওই এলাকায় অভিভাবকদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এনিয়ে তারা ভাঙ্গুড়া থানা ও ভাঙ্গুড়া পৌর মেয়রের কাছে অভিযোগও করেছেন।

স্থানীয় বিভিন্নসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া, টলটলিয়াপাড়া, পাথরঘাটা ও কাশিপুর গ্রামের নির্জন এলাকায় একাধিক স্থানে তাস দিয়ে জুয়া খেলার আসর বসে। এসব আসর আশেপাশের এলাকার শতশত যুবককে বিপথগামী করে। স্থানীয় যুবকরা দিনদিন এসব জুয়া খেলার সাথে জড়িয়ে পড়ে। এতে অভিভাবকরা আতংকগ্রস্ত হয়ে পড়ছেন । এ অবস্থায় এলাকাবাসী জুয়া খেলার বিষয়টি থানা পুলিশকে অবগত করে। কিন্তু জুয়া খেলা বন্ধে পুলিশ কঠোর ভূমিকা না নেওয়ায় গ্রামবাসীর উদ্যোগে গত তিন মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হককে আহবায়ক করে ৩১ সদস্যের ‘জুয়া ও মাদক প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়।

এরপর জুয়া খেলা চলাকালীন বিভিন্ন আস্তানায় হানা দিয়ে আসর ভেঙে দেন ওই কমিটির সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়ি চক্রের মূল হোতারা ওই প্রতিরোধ কমিটির সদস্যদেরকে প্রকাশ্যে ভয়ভীতি দেখানো শুরু করে। সম্প্রতি ওই কমিটির সদস্যরা ভাঙ্গুড়া থানা পুলিশ ও ভাঙ্গুড়া পৌর মেয়রের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, এলাকাবাসী জুয়া ও মাদক প্রতিরোধে কমিটি করেছে। পুলিশ তাদেরকে সকল প্রকার সহযোগিতা দিতে সব সময়ই প্রস্তুত রয়েছে। তাছাড়া ওই এলাকায় সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধে পুলিশ বিশেষ অভিযানও চালাবে।

পূর্ববর্তি সংবাদগাইবান্ধায় মেয়েকে বাঁচাতে নিহত বাবা
পরবর্তি সংবাদঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত