বাণিজ্যমেলা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ইসলাম টাইমস ডেস্ক: ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বা ডিআইটিএফ-২০১৯ শুরু হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ম্যাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রতি বছরের মতো এবারও রাজধানীর শেরেবাংলা নগর প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টল থাকবে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য কিনতে পারবেন।

উল্লেখ্য, প্রতিবছর ১ জানুয়ারি মেলা শুরু হলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করলেও একই কারণে (জাতীয় সংসদ নির্বাচন) এ বছর এ মেলা উদ্বোধন করছেন রাষ্ট্রপতি।

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও হংকং।

এ বছর মেলায় আগত দর্শনার্থীরা দুইভাবে প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন। লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের পাশাপাশি এবারই প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে আয়োজক কর্তৃপক্ষ। ফলে দর্শনার্থীরা যেকোনও স্থান থেকে এই টিকিট কিনতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে।

সাধারণভাবে বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩০ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ২০ টাকা। অনলাইনেও একই টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চার্জ হিসেবে দর্শনার্থীকে ২.৩০ টাকা বাড়তি হিসেবে দিতে হবে।

অনলাইনে টিকিট কাটতে হলে যা করতে হবে: প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.e-dift.com প্রবেশ করে নির্দিষ্ট তথ্য দিয়ে গ্রাহককে ৩টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আপনার কয়টি টিকিট প্রয়োজন তা উল্লেখ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার ঠিকানা দিতে হবে। যার মাধ্যমে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর তৃতীয় ধাপে টাকা পরিশোধ করতে হবে। এটা শেষ হলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে।

কিন্তু টাকা পরিশোধ হবে কীভাবে? বাণিজ্য মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুইভাবে টাকা পরিশোধ করা যাবে। একটি হলো মোবাইল ব্যাংকিং বিকাশ; আরেকটি ডেবিট বা ক্রেডিট কার্ড। এছাড়া নির্দেশনা মোতাবেক গুগল প্লে-স্টোর থেকে E-DTIF অ্যাপ ডাউনলোড করেও সেখান থেকে টিকিট ক্রয় করা যাবে।

পূর্ববর্তি সংবাদডেমরায় দুই শিশুকে নির্যাতন করে হত্যা: গ্রেফতার ২ জনের বীভৎস স্বীকারোক্তি
পরবর্তি সংবাদবিএনপি সচেতন হতে চাচ্ছে টকশো ও টেলিভিশনের আচরণ নিয়ে