ইসলাম টাইমস ডেস্ক: আজ বুধবার (৯ জানুয়ারী) ভোরে নবনির্বাচিত মন্ত্রীরা এনার তিনটি বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন বঙ্গবন্ধুর কবর যিয়ারতের জন্য। বেলা সাড়ে ১১টার দিকে তাদের টুঙ্গিপাড়া পৌঁছানোর কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি।
টুঙ্গিপাড়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা রণজিৎ কুমার গণমাধ্যমকে জানান, সকাল ৭টার দিকে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন। এনা পরিবহনের তিনটি বাসে করে সেখানে যাচ্ছেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছানোর কথা রয়েছে তাদের। বঙ্গবন্ধুর কবর যিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। বেলা ১১টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বাবার কবরে ফাহেতা পাঠ ও তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বাসযাত্রায় শামিল হতে চেয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্টরা তাকে হেলিকপ্টারে যেতে অনুরোধ করেন। প্রসঙ্গত, ঐতিহ্য ভেঙে বাসযোগে মন্ত্রিসভার সদস্যদের সফর দেশে এটিই প্রথম।
















