মুসলিম নেতাদের আপত্তিতে বিচারপতির পদত্যাগ, ফের পেছালো বাবরি মসজিদ মামলার শুনানি

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ বনাম রামের জন্মভূমি মামলার শুনানি ফের পেছানো হয়েছে। শুনানির জন্য গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের এক সদস্য পদত্যাগ করলে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। শুনানির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৯ জানুয়ারি।

দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি ইউ ইউ লোলিত। মুসলিম সংগঠনগুলোর আপত্তির কারণেই তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তারা আপত্তি জানিয়ে বলেছেন, বিচারপতি লোলিত উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী নেতা কল্যাণ সিংয়ের আইনজীবী হিসেবে এ সংক্রান্ত একটি মামলায় লড়াই করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবদে, এন ভি রামানা ও ডি ওয়াই চন্দ্রচূড়া।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ বলেছেন, যেহেতু বিচারপতি লোলিত এই মামলায় আর অংশ নিতে চাইছেন না, তাই ২৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হলো। বিচারপতি লোলিতের স্থলে সুপ্রিম কোর্টের আরেকজন বিচারপতিকে এনে পাঁচ সদস্যের বেঞ্চ পুনর্গঠন করে মামলার শুনানি করা হবে।

গত বছর দেশটির সুপ্রিম কোর্টে মামলার শুনানি দ্রুত করার আবেদন জমা হয়। আবেদনটি খারিজ করেন আদালত।

এলাহাবাদ হাইকোর্ট ২০১০ সালে অযোধ্যা বিতর্কের সমাধানে বিতর্কিত ২ দশমিক ৭৭ একর এলাকাকে তিনটি সমান ভাগে ভাগ করার নির্দেশ দেন। একটি ভাগ সুন্নি ওয়াকফ বোর্ডের, এক ভাগ নির্মোহী আখড়ার, তৃতীয় ভাগ রাম লালার (শিশু রামচন্দ্র)। এই রায়ের বিরুদ্ধে সব পক্ষই সুপ্রিম কোর্টের যায়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তি সংবাদচীন সরকার জিংজিয়াংকে কারাগারে পরিণত করেছে : মাওলানা আবুল হাসানাত আমিনী
পরবর্তি সংবাদসৈয়দ আবুল মকসুদ-এর হাতে বার্ষিক প্রকাশনা তুলে দিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ