ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামাতের পরাজয়ের জন্য তাদের ব্যর্থ আন্দোলনকে দায়ি করে বলেছেন, কোনো দল আন্দোলনে ব্যর্থ হলে তারা নির্বাচনেও বিজয়ী হতে পারে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের সব আন্দোলনই ব্যর্থ হয়েছে। আর আন্দোলন যাদের ব্যর্থ হয়, নির্বাচনে তারা জয়ী হতে পারে না। নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের ব্যর্থতার কারণ তাদেরকেই খুঁজে বের করতে হবে।
এ সময় বিএনপি নমিনেশন নিয়ে বাণিজ্য করেছে এমন অভিযোগ করে বলেন, সিলেটে ইনাম আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়নি, যে বেশি টাকা দিয়েছে তাকেই নমিনেশন দেওয়া হয়েছে। ইনাম আহমেদ চৌধুরীকে নমিনেশন দিলে তিনি হয়তো জিততে পারতেন। ধামরাইয়ে আতাউর রহমান খানের ছেলে জিয়াউর রহমান খান নমিনেশন পাবে বলেই ধারণা ছিল। তিনি হয়তো জিততেনও কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকারকে নমিনেশন দেওয়া হয়নি— এরকম আরও অনেক জায়গায় তারা যে বেশি টাকা দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরেই এই দেশ উন্নত সমৃদ্ধ দেশ হতো। জাতির পিতা আজ নেই। কিন্তু তার আদর্শ আছে। আমরা তার আদর্শ অনুযায়ী দেশ গড়ে তুলতে চাই।’
নতুন গঠিত মন্ত্রিসভার সদস্য, সংসদ সংসদ, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
















