মাটির নিচে হারিয়ে যাচ্ছে আরব আমিরাতের যে রহস্যজনক গ্রাম

আবরার আবদুল্লাহ ।।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাই শহরকে পৃথিবীর মানুষ বিস্ময় নিয়ে দেখে। কিন্তু সেই আরব আমিরাতেরই কটি গ্রাম রহস্যজনক কারণে ধ্বংসের মুখোমুখি। ধীরে ধীরে হারিয়ে ডুবে যাচ্ছে বালির ভেতর।

গ্রামটি শারজাহ-এর নিকটবর্তী আল মাদাম মরুভূমিতে অবস্থিত। এখন তা পুরোপুরি বালুর নিচে চাপা পড়েছে। এক সময় এই গ্রামের ‘আল কুতবা’ গোত্রের মানুষ বসবাস করতো। এক দশক আগে তারা গ্রাম ছেড়ে আল মাদামসহ অন্যান্য শহরতলীতে চলে গেছে। জানা যায়, এক প্রচণ্ড ভূমিকম্পে গ্রামটি ধ্বংসপ্রাপ্ত হলে তারা তা ছেড়ে যায়। এরপর থেকে গ্রামটি ধীরে ধীরে বালুর নিচে চাপা পড়ছে।

তবে স্থানীয়ভাবে গ্রামটির বিরাণ হয়ে যাওয়া নিয়ে অনেক রকম গল্প প্রচলিত আছে। যেমন, কেউ কেউ বলেন, এই গ্রামে জিন বাস করে। জিনের সাথে না পেরেই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়েছেন। আবার কেউ কেউ বলেন, অজানা কারণে গ্রামটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। পানির উৎসগুলো শুকিয়ে যায়, তৃণলতা ঘাস ও গাছগাছালি মরে যায়। এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই গ্রামের মানুষ গ্রাম ত্যাগ করে।

তবে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা আইয়ুব আলকাবি বলেন, আমাদের জানা নেই গ্রামের অধিবাসীরা গ্রামটিকে কেন পরিত্যাক্ত অবস্থায় ফেলে গেলেন। তবে মরুভূমির এই অংশের বালুর আচরণ রহস্যজনক। তা প্রচণ্ড গতিতে ঘর-বাড়িতে ঢুকে যায় এবং মুহূর্তে বালুর স্তুপে পরিণত হয়। এক সময় পুরো ঘর বালুর নিচে চাপা পড়ে যায়।

জানা যায়, এই গ্রামে কয়েক ডজন পাকা বাড়ি ছিলো। যার অধিকাংশ বালুর নিচে হারিয়ে গেছে। কয়েকটি এখনও দেখা গেলেও সেগুলোও ডুবে যাওয়ার উপক্রম। একটি মসজিদ ছিলো সেটাও বালুর নিচে হারিয়ে যাচ্ছে। আল মাদামের অন্যান্য গ্রামের মানুষের ভাষায় গ্রামটির নাম ‘মাদফুনাহ’ বা দাফনকৃত।

ডেইলি পাকিস্তান অবলম্বনে

পূর্ববর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদনতুন মন্ত্রীদের অনভিজ্ঞতা কি সরকারের জন্য সমস্যা হতে পারে?