ইসলাম টাইমস ডেস্ক : আগামী গ্রীষ্মে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়ানশিপের জন্য কোনো ইসরায়েলি ক্রীড়াবিদকে ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
আজ শুক্রবার কুয়ালালামপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মাহাথির বলেন, ইসরাইলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি সাতারুদের ভিসা দেওয়া হবে না।
মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবিব।
প্রচারিত খবরের উত্তরে মাহাথির মোহাম্মাদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন।
ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সব সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।
















