রাঙ্গামাটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক বাড়ি

ইসলাম টাইমস ডেস্ক: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা ভয়াবহ আগুনে ৮৪টি বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। আজ রোববার সকাল সোয়া আটটার সময় এই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয়রা জানান, কলোনির বাসিন্দা বাবুল কেরানির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তে আশেপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে হাজির হন স্থানীয় লোকজন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সদস্য এবং রাঙ্গামাটি, কাপ্তাই ও কাঊখালী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবির রাঙ্গামাটি পৌরসভার পৌরসভার মেয়রসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন।

বাবুল কেরানি বলেন, সকালে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আগুনের খবর পেয়ে বাসায় ছুটে যাই। গিয়ে দেখি আমার ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুনে ল্যাপটপ, নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর বলেন, প্রাথমিক তথ্য নিরূপণ অনুযায়ী আগুনে শতাধিক ঘর পুড়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তি সংবাদপ্রেমিকাকে ছেড়ে নাবালিকাকে বিয়ে করেছেন পুলিশ কনস্টেবল
পরবর্তি সংবাদবিশ্বের ‘চরম দরিদ্র’ মানুষ ভারতে