ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সুফল বয়ে আনেনি। ফলপ্রসূ না হলে বার বার সংলাপ করে কোনো লাভ নেই।
সংলাপে বসার বিষয়ে এক প্রতিক্রিয়ায় রবিবার গণমাধ্যমকে তিনি এই কথা জানান।
তিনি বলেন, সংলাপের ফলাফল তো আমরা দেখেছি। কোনো প্রতিফলন তো দূরের কথা, সে সংলাপের কারণে দেশের গণতন্ত্র বা নির্বাচনী প্রক্রিয়াতে কোনো ধরনের সুফল বয়ে এনেছে, এটা তো কেউ দেখতে পায়নি।
আমির খসরু বলেন,সংলাপের প্রয়োজন নেই। দেশে একটা সংবিধান আছে, সংবিধানে মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের কথা বলা হয়েছে, এগুলো থেকে ব্যত্যয় ঘটিয়ে সংলাপ করে কিছু অর্জন করা যাবে না।
















