ইসলাম টাইমস ডেস্ক: শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় সমঝোতার পর আজও চলছে শ্রমিক বিক্ষোভ।
সোমবার সকালে সাভারের আশুলিয়ায় হামীম গুপের পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আশুলিয়ার প্রায় ৫০টি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেন। বেলা পৌনে ১১টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
পুরো আশুলিয়া এলাকায় বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং হচ্ছে। মাইকিংয়ে শ্রমিকদের উদ্দেশে বলা হচ্ছে, সরকার নতুন বেতন কাঠামো করেছেন। এখন যেসব শ্রমিক কাজ করবেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করুন। কেউ কাজ না করতে চাইলে বের হয়ে যান। কাজে বিঘ্ন ঘটাবেন না।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
















