ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে সিরিয়ার কুর্দিদের উপর আক্রমণের ব্যাপারে সতর্ক করে বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কুর্দিদের আক্রমণ করা হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে।
রোববার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রতি এই সতর্ক বাণী উচ্চারণ করেন।
ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে কোনো ধরনের সুযোগ না দিতে কুর্দিদের আহবান জানান। তিনি বলেন, তুরস্ককে উত্তেজিত করা যাবে না।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইটবার্তায় লেখেন, ডোনাল্ড ট্রাম্প সমীকরণে বড় ধরনের ভুল করেছেন সিরিয়ান কুর্দিদের সঙ্গে পিকেকে মিলিয়ে, যারা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় রয়েছে এবং এর শাখা পিওয়াইডি/ওয়াইপিজে।
ট্রাম্পের উদ্দেশে ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আপনার মিত্র ও অংশীদার হতে পারে না। তুরস্ক আশা করছে- মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশিদার এবং সন্ত্রাসী প্রচারণার ছায়া হতে পারে না।
এদিকে সিরিয়া সীমান্তে নতুন করে আরও সেনা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে তুরস্ক। তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ার নিকটবর্তী তুরস্ক সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্রসহ সেনা বৃদ্ধি করা হয়েছে। গত কয়েক দিন আগেও সিরিয়ার উত্তরের ইদলিবের সীমান্তঘেঁষে তুর্কি সৈন্য মোতায়েন করা হয়েছিল। সিরিয়ার ইদলিব প্রদেশ বিদ্রোহীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত।
তুর্কী প্রতিরক্ষামন্ত্রী খুলুসি আকারের বরাত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ জানায়, সেনাবাহিনী প্রধান ও গোয়েন্দাপ্রধান সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সৈন্যদের কার্যক্রম পরিদর্শনন করেরছেন। সীমান্তে যেন কোনো উত্তেজনা তৈরি না হয় এ ব্যাপারে তুরস্ক সরকার সর্বদা চেষ্টা করছে। ইদলিবে শান্তিরক্ষায় তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
















