সংলাপের উদ্যোগ ইতিবাচক : ড. কামাল

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তাতে আমন্ত্রণ পেলে তিনি যাবেন।

এই সময় তিনি সংলাপের উদ্যোগকে ইতিবাচক বলেও মন্তব্য করেন।

গতকাল রোববার সংবাদ সংস্থা ইউএনবিকে তিনি একথা বলেন। তবে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কী নিয়ে সংলাপ তা দেখে তারা অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ইউএনবিকে ড. কামাল বলেন, ‘আরেকটি বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের কার্যকর পথ খুঁজে বের করতে আমি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চিতভাবেই এটি ইতিবাচক পদক্ষেপ।’

ড. কামাল আরও বলেন, সংলাপে বসার জন্য আমন্ত্রণ পেলে জোট নেতারা একত্রে বসবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কী নিয়ে আলোচনা করা যায় তা ঠিক করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হলে দেশের জনগণের পক্ষে একটি ইতিবাচক ফল আসবে বলেও আশা প্রকাশ করেন গণফোরাম সভাপতি ড. কামাল।

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাইলে তিনি ইউএনবিকে বলেন, ‘আমি এ ধরনের কোনো বিষয়ে অবগত নই। তাই এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদনাস্তিক মুরতাদের বিরুদ্ধে আলেমদের আন্দোলন চলবে : আল্লামা জুনায়েদ বাবুনগরী