ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগে লিটু দাস (৩৭) নামে তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার সকালে বাগেরহাট শহরের রেলরোডের বস্তি এলাকায় চাঁদার ২০ হাজার টাকা না পেয়ে মারপিট করে একই পরিবারের চার নারীসহ পাঁচজনকে আহত করে চাঁদাবাজরা। আহতরা হলেন, দুই বোন মিতা আক্তার (১৬) আখিঁ আক্তার (২১) চাচা সাইদ শেখ (৪০) মা আসমা বেগম (৪৩) ফুফু মুক্তা বেগম (৩০)।
লিটু দাস জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাইদ শেখ নামে এক ব্যক্তি গত শুক্রবার তাঁতী লীগ নেতা লিটুসহ আটজনের নামে মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে সেদিন সকালে বাগেরহাট শহরের রেলরোড বস্তি এলাকায় এক নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেন লিটু ও তার লোকজন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, গত শুক্রবার সকালে লিটুর নেতৃত্বে প্রকাশ্যে চাঁদার দাবিতে শহরের রেলরোড বস্তির সাইদ শেখের বাড়িতে গিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হন। ওই হামলার মামলায় লিটু দাস এজাহারনামীয় প্রধান আসামি। ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার এই তাঁতী লীগ নেতা লিটু দাসের বিরুদ্ধে অসামাজিক ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
















