ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ণ সদস্যপদ লাভের জন্য আবেদন করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী আবেদন প্রক্রিয়া শুরু করবেন।
মাহমুদ আব্বাস জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহ নিয়ে গঠিত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ঠিক আগ মুহূর্তে এই ঘোষণা দিলেন। তবে তিনি ফিলিস্তিন সংকটের বহুপক্ষীয় এবং শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্রিক সমস্যার সমাধানের অঙ্গীকারও করেছেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর ২০১১ সালে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনের কাছে ১৯৪ তম সদস্যপদ লাভের জন্য আবেদন করেছিলো ফিলিস্তিন। সাধারণ পরিষদে তা গৃহীত হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্য থেকে প্রয়োজনীয় ৯ সদস্যের সমর্থন লাভে ব্যর্থ হয়। অবশ্য আমেরিকা বলেছিলো, তারা ভেটো প্রদান করবে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক বলেছেন, ‘আমরা জানি, আমরা আমেরিকার ভেটোর মুখোমুখি হবো। তবে আমেরিকা আমাদের আবেদন করা থেকে ফেরাতে পারবে না।’
তিনি বলেন, ফিলিস্তিন প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সাথে কথা বলবে।
২০১১ সালে ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। সেখানে ১৯৩ সদস্যের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট লাভ পড়ে ফিলিস্তিনের পক্ষে। ফলে ফিলিস্তিন ২০১২ সালে পর্যবেক্ষক (সংস্থা) থেকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। এরপর ফিলিস্তিন আন্তর্জাতিক অনেক সংস্থার সদস্য হওয়ার সুযোগ পায়।
সূত্র : মিডলইস্ট মনিটর
















