ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের সঙ্গে বিএনপি-ঐক্যফ্রন্টের বক্তব্যের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার চট্টগ্রামে নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেছেন, টিআইবির প্রতিবেদন একপেশে, মনগড়া, ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী নিহতের বিষয়ে এবং বিএনপি মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ৩শ আসনের বিপরীতে ৮শ প্রার্থিতা দেয়া নিয়ে টিআইবির প্রতিবেদনে কোনো মন্তব্য নেই।”
এ প্রতিবেদন সম্পূর্ণ বিএনপি-জামায়াতের পক্ষে গিয়েছে বলেও মনে করেন তিনি।
ড. হাছান মাহমুদ আরো বলেন, “দেশে কয়েকটি সংগঠন আছে – যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়, বরং ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে লিপ্ত থাকে। টিআইবি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে যে প্রতিবেদন করে। তারা যে গবেষণার কথা বলে, সে গবেষণাগুলো সঠিক নয়, বেশিরভাগ প্রতিবেদন ত্রুটিপূর্ণ।”
মঙ্গলবার একাদশ জাতীয় নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, বিশৃঙ্খলার মাঝেও প্রশাসনের নীরব ভূমিকা, জাল ভোটসহ নির্বাচনে নানা অনিয়মের ঘটনা ঘটেছে।
আর এসব অনিয়মের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এর বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন।
আরও পড়ুন : নির্বাচন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে: টিআইবি
















