ইসলাম টাইমস ডেস্ক: নারীদের ব্যাপারে অপমানজনক মন্তব্য করায় অধ্যাপক কনক সরকার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়।
গত রবিবার বিতর্কিত মন্তব্য করার পর থেকে তার শাস্তির দাবিতে সরব হয়েছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সংগঠনগুলো। ছাত্র-শিক্ষক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
কনক সরকারের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা, পঠন-পাঠন এবং পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে নিজেকে যুক্ত করতে পারবেন না কনক সরকার।
গত রবিবার ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন যাদবপুর বিশ্ববিদ্যালেয়র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকার। সেখানে তিনি নারীদের কুমারীত্বের তুলনা করেন ‘সিল্ড’ বোতল বা বিস্কুটের ‘সিলড’ প্যাকেটের সঙ্গে। এতেই থেমে না থেকে তিনি লিখেছিলেন, অনেক ছেলে এখনো বোকা, যারা কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে বিয়ে করার কথা ভাবে না। একটি মেয়ে কুমারীত্ব নিয়ে জন্মায় এবং সেই কুমারী স্ত্রী দেবদূতের মতো।
কনক সরকারের ওই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি প্রতিবাদে সরব হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ে মিছিলও করেন প্রতিবাদীরা।
তার পরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত ছাত্র-শিক্ষক কমিটির সুপারিশের ভিত্তিতেই তাকে সরানো হয়েছে এবং আগামী ১৮ জানুয়ারি বোর্ড অব স্টাডিজের বৈঠকে এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
















