ইসলাম টাইমস ডেস্ক: দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী।
সে উপলক্ষে হাতে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ জানুয়ারি ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করা । এছাড়া জন্মবার্ষিকীর আগের দিন শুক্রবার বেলা আড়াইটায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে । প্রকাশ করা হবে হবে ক্রোড়পত্র। কেন্দ্রের পাশাপাশি সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।
















