ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গের একজনকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাদিরা খানম (হিজড়া)।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম জমা দেয়ার সময় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
নাদিরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফরম কিনতে বলেছেন। আমাদের যে কোনো একজনকে এমপি করা হবে। ৮টি বিভাগ থেকে আমাদের আটজনের ফরম কেনার কথা ছিল। কিন্তু সমঝোতার মাধ্যমে তিনজন ফরম তুলে জমা দিয়েছেন।
তারা হলেন, নাদিরা রংপুর, আরিফা ইয়াসমিন ময়ূরী ময়মনসিংহ ও ফাল্গুনী চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ধরনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।
















