ইসলাম টাইমস ডেস্ক : ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার অভ্যন্তরে ছাত্রদেরকে কোনো ধরনের তাবলিগি কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক করে বিশেষ নির্দেশনা জারি করেছে। আজ দারুল উলুমের মোহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কতা জারি করা হয়।
সতর্ক বার্তায় বলা হয়েছে, দারুল উলুমের অভ্যন্তরে ছাত্ররা সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে এবং কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক রাখবে না।
প্রিয় ছাত্রবৃন্দ!
দ্বীনের প্রচার ও ইসলামের প্রসার আমাদের দায়িত্ব। তবে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের জেরে সৃষ্ট ফেতনা থেকে দারুল উলুমকে বাঁচাতে দারুল উলুমের দায়িত্বশীলগণ প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন দারুল উলুমের প্রত্যেকে উভয়পক্ষ থেকে সম্পর্কহীন থাকবে।
সুতরাং ছাত্ররা দারুল উলুমের ভেতরে অভ্যন্তরীণ ও বহিরাগত তাবলিগি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। সুতরাং দারুল উলুমের কোনো ছাত্র বা বহিরাগত কোনো ব্যক্তিকে যদি দারুল উলুমের ভেতরে এ জাতীয় কাজ করতে দেখা যায় তবে ছাত্ররা তা থেকে বিরত থাকবে এবং সাথে সাথে দায়িত্বশীলদের অবগত করবে।
যদি কোনো ছাত্র অবাধ্যতায় লিপ্ত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির শরিয়ত বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে তাবলিগ জামাতের মতবিরোধ দেখা দিয়েছে। এ ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদকে বারবার সতর্ক করলেও তিনি আপন অবস্থান থেকে ফিরে আসেননি।
দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের শরিয়ত বিরোধী বক্তব্যের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করলেও ছাত্রদেরকে এই বিরোধ থেকে দূরে রাখতে চায়। তাই এর আগেই দারুল উলুমের অভ্যন্তরে তাবলিগি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
















