গাংনীতে সেপটিক ট্যাংক থেকে নারীর কঙ্কাল উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাংনীর সাহেবনগর গ্রাম থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়।

জানা যায়, মহিলাটির নাম নারগিস খাতুন। এক বছর আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান জানান, গত বছর ৫ আগস্ট নিখোঁজ হন নারগিস খাতুন। এরপর ৬ আগস্ট নারগিস খাতুনের মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর সৎ ভাই ইয়াকুব আলীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে ও আবুল বাশার নামে তার বন্ধুকে আসামি করে গাংনী থানায় একটি অপহরণ মামলা করেন মেয়ে। মামলা নম্বর-২৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার এ বছর ১৪ জানুয়ারি (সোমবার) দিনগত রাতে ইয়াকুব আলী ও আবুল বাশারকে আটক করে জেলা-হাজতে পাঠায়।

পরে একই গ্রামের জামিরুল ইসলামের ছেলে ফরজ আলীকে শুক্রবার বিকালে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আবুল বাশারের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে নারগিস খাতুনের কঙ্কাল উদ্ধার করা হয়।

জানা গেছে, জমি আত্মসাৎ করতে নারগিস খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং একটি মাঠের ভেতর শ্বাসরোধ করে হত্যা করা হয়। মাঠের পাশেই পুঁতে রাখা মরদেহটি পরে সেখান থকে তুলে আবুল বাশার তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে সেটি ভরাট করে দেয়।

আজ শনিবার উদ্ধারকৃত কঙ্কালটির ডিএনএ টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদকুড়িলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদসাংবাদিক হত্যার দায়ে গুরু রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড