ইসলাম টাইমস ডেস্ক: দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘হিটলার যা করেছে মোদিও তা করবেন এবং তার নমুনা ইতিমধ্যে শুরু হয়েছে। মোদি আবার ভারতের নেতৃত্বে এলে দেশটা বরবাদ হয়ে যাবে। দেশের মহিলাদের যারা গালি দেন মোদি তাদের অনুসরণ করেন। মোদি ও অমিত শাহ’র জোট নিয়ে দেশের মানুষ মহা বিরক্ত।
ভারতের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জির ডাকে শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির হয়েছেন বিভিন্ন বিরোধী দলের প্রথম সারির নেতারা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা এতে উপস্থিত আছেন। বিশাল এ জনসভায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তুলে বিভিন্ন নেতারা মোদিকে কটাক্ষ করে ঝাঁঝালো বক্তব্য রাখছেন।
এছাড়া ব্রিগেডের বিশাল জনসভায় বিভিন্ন নেতাদের বক্তব্যের মাঝে মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও ঝাঁঝালো বক্তব্য রাখছেন। এসময় তিনি বলেন, ‘দেশটাকে বদলাতে হলে দিল্লির সরকারকে পাল্টাতে হবে।’ এছাড়া এসময় তিনি মোদি সরকারের কড়া সমালোচনা করেন।
এছাড়া জনসভায় মঞ্চে শামিল হয়েছেন ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, শরদ পওয়ার, অখিলেশ যাদব, অভিষেক মনু সিঙ্ঘভি, বিএসপি নেত্রী মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্র, চন্দ্রবাবু নায়ডু, যশবন্ত সিন্হা, অরবিন্দ কেজরীওয়াল, এইচ ডি দেবগৌড়া, এম কে স্ট্যালিন, গেগং আপাং, হেমন্ত সোরেনের মতো প্রথম সারির নেতারা। বিরোধী ঐক্যের এই মঞ্চে হাজির হয়েছেন হার্দিক পটেল, জিগ্নেশ মেবাণী।
















