নাটোরে রাস্তার কুড়িয়ে পাওয়া ফল খেয়ে শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাস্তায় কুড়িয়ে পাওয়া আমড়া খেয়ে নাটোরের সিংড়ায় আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় আমড়ার বিষক্রিয়ায় তার বড় বোন ফাতেমা খাতুনকে (৭) অসুস্থ অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ দুই শিশু সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সোহেল রানার সন্তান। তারা সিংড়া পৌর শহরের চাউলপট্রি-হাটসিংড়ার একটি বাড়িতে ভাড়া থাকে বলে জানা গেছে।

নিহত শিশুর মা আফরোজা খাতুন জানান, শুক্রবার বিকালে ফাতেমা খাতুন তার ভাই আব্দুল্লাহকে নিয়ে সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। পথে মসজিদের পাশে বাজারের রাস্তায় দুটি আমড়া কুড়িয়ে পায়। পরে বাড়ি ফিরে দুই ভাইবোন আমড়াটি খায়। খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টায় শিশু আব্দুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকাল ৩টায় অপর শিশু ফাতেমা খাতুনকে অসুস্থ্ অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, শিশু আব্দুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর শিশু ফাতেমা খাতুনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আমড়াতে কী ছিল বা কেন এই ঘটনা ঘটলো বিষয়টি কেমিকেল টেস্ট ছাড়া বলা সম্ভব হচ্ছে না।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি।

পূর্ববর্তি সংবাদপাবনায় ছাত্রীনিবাসে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তি সংবাদইসরাইলিদের মালয়েশিয়ায় আসা উচিত না: মাহাথির