ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় একটি স্বাভাবিক ব্যাপার। আমি বলতে চাই আওয়ামী লীগ নির্বাচনে ভোট পেয়ে জয়ী হয়েছে, এটা সত্য। তবে দলমত নির্বিশেষে সবার জন্য আমাদের সরকার কাজ করে যাবে। প্রতিটা মানুষের জীবনমান উন্নয়নে রাজনৈতিক দলমত দেখা হবে না।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় সমাবেশে দেয়া বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন।
বাংলাদেশের লোকজন বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন। বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে হবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের জীবন উন্নত করব। সুশিক্ষা নিয়ে দেশের মানুষ নিজের জীবন গড়ে তুলবে।
নৌকা প্রতীকে ভোট দেয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে, এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এ রায় অন্ধকার থেকে আলোর পথের যাওয়ার রায়। এ রায় হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার রায়।
এ সময় প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূর্ণ করার কথা বলেন তিনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়া নেই। জীবন উৎসর্গ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ব। দেশে একটি লোকও না খেয়ে থাকবে না বলে জানান তিনি।
















