বিশ্বের কোথাও নিখুঁত ভোট হয় না : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশ্বের কোথাও শতভাগ নিখুঁত ভোট হয় না দাবি করে বলেছেন, জাতিসংঘ বলেছে নির্বাচন নিখুঁত হয়নি। তারা বলেছে সংলাপের কথা। আমার প্রশ্ন, বিশ্বের এমন কোনো দেশ কি দেখাতে পারবেন, যেখানে নিখুঁত ভোট হয়। নির্বাচনে কোনো না কোনো খুঁত থাকেই।

রোববার রাজধানীর বনানীতে সেতু বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেশ দেখান। গণতান্ত্রিক দেশগুলোতে পারফেক্ট বলে যে কথাটি বলা হয় তাতেও কিছু খুঁত তো থাকেই। তাতে ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে না।’

নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ভোট নিয়ে জাতিসংঘের সংলাপ প্রস্তাবের উত্তরে তিনি বলেন, জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তবে গণতান্ত্রিক রাষ্ট্রে সংলাপ হতে পারে। প্রয়োজন হলে বিষয়টি পরে দেখা হবে।

তিনি বলেন, সরকারের সঙ্গে কাজ করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে এরইমধ্যে জোরালোভাবে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদউন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন এরশাদ
পরবর্তি সংবাদতাবলিগ সংকট : সব আনুষ্ঠানিকতা শেষ, ২২ জানুয়ারি দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল