ইসলাম টাইমস ডেস্ক : বার্ষিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারায় শাস্তি হিসেবে রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করেছেন একটি চীনা কম্পানি তার নারী কর্মকর্তাদের।
সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশ দিয়ে কোর্ট-টাই পরা নারীরা সারিবদ্ধভাবে হামাগুড়ি দিয়ে সামনের দিতে এগিয়ে যাচ্ছে। আর সবার সামনে পতাকা নিয়ে হাঁটছেন এক পুরুষ।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চলীয় শহরের পথচারীরা এ দৃশ্য দেখে বিস্মিত ও ব্যথিত হয়েছেন। হাত ও হাঁটুতে ভর করে নারীদের সামনে এগিয়ে যেতে দেখে তারা হতবাক হয়ে যান।
হামাগুড়ি দেওয়া কর্মীরা সবাই নারী। একটি প্রসাধনী কম্পানিতে চাকরি করেন তারা। আর তাদের তত্ত্বাবধানে রয়েছেন একজন পুরুষ কর্মী। সবার সামনে হাঁটা তার পতাকায় কম্পানির নাম লেখা রয়েছে।
যখন এ ঘটনার ভিডিও করা হয়, তখন আরো দুই কর্মীকে হামাগুড়ি দেওয়া নারীদের বরাবর হাঁটতে দেখা গেছে। তবে এ শাস্তির ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে যায় পুলিশ। পুরুষ তত্ত্বাবধায়ককে এ শাস্তি বন্ধ করার মৌখিক হুঁশিয়ারি দিয়ে চলে যায় পুলিশ।
এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে চীন নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। নারীদের এভাবে অপমানিত করায় তারা কম্পানির সমালোচনা করেছেন।
















