ইসলাম টাইমস ডেস্ক : মধ্য এশিয়া থেকে সুদানের সাওয়াকিন দ্বীপ পর্যন্ত-সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পূর্বসূরিদের রেখে যাওয়া স্মৃতি। মক্কা-মদিনাসহ ইসলামী সভ্যতার প্রতীক অন্যান্য নগরীগুলো আমাদের কাছে আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া আমানত। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের ।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে শনিবার (১৯ জানুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ইউরেশিয়ান দেশ তুরস্ক সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বে সবচেয়ে এগিয়ে। দেশটির প্রেসিডেন্ট এরদোগান বলেন, মধ্য এশিয়া, ইউরোপসহ যেখানেই হোক না কেনো বিশ্ব মানচিত্রের প্রতিটি অঞ্চলে পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তিতে তুর্কিদের পূর্ণ আগ্রহ রয়েছে। এজন্যই আমরা পবিত্র নগরী জেরুজালেমকে রক্ষা করতে দৃঢ় সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট এরদোগান ২০১৭ সালে সুদান সফর করেন। এসময় তিনি লোহিতসাগরের পশ্চিম উপকূলীয় পূর্ব-সুদানের সাওয়াকিন দ্বীপে যান এবং এই ঐতিহাসিক দ্বীপটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন।
















