অনিশ্চয়তার মুখে দেওবন্দ সফর!

আবরার আবদুল্লাহ ।।

তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে দারুল উলুম দেওবন্দ সফর করার কথা ছিলো বাংলাদেশের একটি উচ্চতর প্রতিনিধি দলের। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্রাহ-এর নেতৃত্বে প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছিলো ধর্ম মন্ত্রণালয়। দারুল উলুম দেওবন্দও বাংলাদেশি প্রতিনিধি দলের সফরকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং তাদেরকে দারুল উলুমে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তবে দেওবন্দ সফর নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন।

দারুল উলুম দেওবন্দের আমন্ত্রণ ও সরকারের সংশ্লিষ্ট মহলের পরামর্শক্রমে ঠিক হয় আজ ২২ জানুয়ারি ভারত যাবেন বাংলাদেশি প্রতিনিধি দল এবং ২৩ জানুয়ারি সকালে দারুল উলুমে যাবেন তারা। বাদ জোহর দারুল উলুমের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশি প্রতিনিধি দল।

সেই হিসাবে সব প্রস্তুতি সম্পন্নও হয়। কিন্তু গতকাল হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ ইস্যুতে বৈঠক আহবান করায় এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। বৈঠকে উলামায়ে কেরাম অনুপস্থিত থাকা এবং ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও বৈঠক আহবান করায় বিষয়টি নিয়ে আরও অস্পষ্টতা তৈরি হয়। তবে বৈঠক সূত্র ইসলাম টাইমসকে জানায় দেওবন্দ সফর হবে।

তবে ইসলাম টাইমস তার অনুসন্ধানে জানতে পেরেছে যে, আপাতত দেওবন্দ সফর স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। তাবলিগ সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, বাংলাদেশ সরকার ও দারুল উলুম দেওবন্দ উভয়পক্ষ সফরের জন্য প্রস্তুত থাকলেও ভারতীয় হাইকমিশন এই মুহূর্তে সফর না করার পরামর্শ দিয়েছে। তারা বলছে, বাংলাদেশি প্রতিনিধি দলের নিরাপত্তা নিয়ে ভারত সরকারের উদ্বেগ রয়েছে।

ভারতীয় হাই কমিশনের পরামর্শ আমলে নিয়েই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক আহবান করা হয়। তবে উলামায়ে কেরাম অংশগ্রহণ না করায় বৈঠকে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। তাই আগামীকাল আবারও বৈঠক আহবান করা হয়েছে। এই বৈঠকে সামগ্রিক বিষয় সামনে রেখে আলোচনা হবে এবং সেখানেই দেওবন্দ সফর ও ইজতেমা বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

আর সবকিছু মিলিয়ে দেওবন্দ সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদজনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে সরকারের বিপদ হবে : রিজভী
পরবর্তি সংবাদভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন: শিক্ষামন্ত্রী